বাংলাদেশের উত্তরাঞলীয় জেলা নাটোরের বড়াইগ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
নাটোর জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বিবিসি বাংলাকে জানিয়েছেন, বরগুনা থেকে রাজশাহীগামী আরপি স্পেশাল বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, নাটোর সদর হাসপাতালসহ স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের সবার পরিচয় নিশ্চিত করেছে পুলিশ ও জেলা প্রশাসন।
নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে বিবিসি বাংলাকে জানান বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
মরদেহগুলো প্রাথমিকভাবে বনপাড়া হাইওয়ে থানায় রাখা হয়। পরে পরিচয় নিশ্চিতের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
দুর্ঘটনার কারণ জানতে নাটোরের জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবিসি বাংলাকে জানিয়েছেন।
এখন থেকে ঠিক এক যুগ আগে ২০১৪ সালের ২০শে অক্টোবর এই বড়াইগ্রামেই এমন একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৩ জন নিহতের ঘটনা ঘটেছিল।









