Light
Dark

ডুয়েটের নতুন উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. প্রকৌশলী রুমা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) তৃতীয় উপ-উপাচার্য হিসেবে মঙ্গলবার যোগদান করেছেন ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী রুমা।

বুধবার সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, পরিচালক, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত উপ-উপাচার্যকে অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, ‘ডুয়েটের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে সম্মিলিত নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বিকল্প নেই। আমি বিশ্বাস করি, নবনিযুক্ত উপ-উপাচার্য তার দীর্ঘ অ্যাকাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতার আলোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অবদান রাখবেন। ডুয়েটের সক্ষমতা বৃদ্ধিতে এবং ডুয়েটকে শিক্ষার্থীবান্ধব, গবেষণাকেন্দ্রিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।’

গত ২৭শে জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত উপ-উপাচার্য নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা বর্তমানে ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, হল প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 

ড. প্রকৌশলী রুমা নরসিংদী জেলার শিবপুর উপজেলার সৈয়দের খোলা গ্রামে ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম হারুন অর রশিদ ও মা রেহানা পারভীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *